নির্বাচিত হলে চারঘাট-বাঘাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা আবু সাইদ চাঁদের

রানা শেখ, ​বাঘা প্রতিনিধি: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত চারঘাট উপজেলার সারদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।


​আবু সাইদ চাঁদ তার বক্তব্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো গণমুখী পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। তিনি নিজেকে জনগণের 'সন্তান' হিসেবে উল্লেখ করে বলেন, বিগত ১০ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি যেভাবে মানুষের পাশে ছিলেন, আগামীতেও একইভাবে নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে চান।


​বক্তব্য চলাকালীন তিনি নাম উল্লেখ না করে প্রতিদ্বন্দ্বী শিবিরের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ মানুষের 'ঈমান' নিয়ে খেলছে এবং ভোটের বিনিময়ে 'জান্নাতের টিকিট' দেওয়ার মতো বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব 'ভণ্ডামি' থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রুখে দিতে হবে।


​পথসভায় চাঁদের সঙ্গে আরও বক্তব্য রাখেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম ইউশা সরকার ভোলা এবং জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!