জব্দকৃত পেট্রোল ‘গায়েব’ করার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে!

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: তাড়াশ (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের বিরুদ্ধে। গত শুক্রবার (২৭ মার্চ) বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করার পর এই রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা এবং তার দোকানে থাকা ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নুসরাত জাহান। অভিযোগ উঠেছে, জব্দকৃত পেট্রোল সরকারি গুদামে বা যথাযথ প্রক্রিয়ায় না রেখে তড়িঘড়ি করে স্থানীয় ফিলিং স্টেশনে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

খালকুলা সমবায় ফিলিং স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউএনও নিজেই দুই ড্রাম পেট্রোল তাদের স্টেশনে নিয়ে আসেন। সেখানে এক ড্রাম পেট্রোল সাধারণ মানুষের কাছে খুচরা দরে বিক্রি করা হয়। তবে বাকি এক ড্রাম পেট্রোল অন্য একটি পাম্পে বিক্রির কথা বলে ইউএনও নিজের তত্ত্বাবধানে সরিয়ে নিয়ে যান।

ঘটনা পরবর্তী একটি ভিডিওতে দেখা গেছে, এক ড্রাম পেট্রোল বিক্রির পর দ্বিতীয় ড্রামটি ইউএনওর নির্দেশেই সরিয়ে নেওয়া হচ্ছে। এরপর থেকেই ওই পেট্রোলের আর কোনো হদিস মিলছে না।

দোকান মালিক শাহ আলম মোল্লা বলেন, "আমাকে ১০ হাজার টাকা জরিমানার রশিদ দেওয়া হলেও ৩৯৫ লিটার পেট্রোল জব্দের কোনো কাগজ দেওয়া হয়নি। রাতে আমার খালি ড্রামগুলো দোকানে ফেরত দিয়ে যাওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, জব্দকৃত পেট্রোল যদি বিক্রিই করা হয়, তবে তার টাকা কোথায় গেল?"

সাধারণত ভ্রাম্যমাণ আদালতে কোনো পণ্য জব্দ করা হলে তার যথাযথ ইনভেন্টরি বা তালিকা তৈরি করে মালিককে কপি দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এক্ষেত্রে কোনো রসিদ না দেওয়া এবং রাতের আঁধারে খালি ড্রাম ফেরত দেওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি কর্মকর্তা হয়ে এভাবে জব্দকৃত মালামালের সঠিক হিসাব না রাখা বা সরিয়ে ফেলা ক্ষমতার অপব্যবহারের শামিল।

তবে অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুত্র / আরটিভি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!