নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি রাজনৈতিক সংলাপের লক্ষ্যে ‘অল্টারনেটিভস’ নামে একটি নতুন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। কোনো বড় রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আগে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রশ্ন বোঝার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
শনিবার (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে প্ল্যাটফর্মটির প্রথম কর্মসূচি হিসেবে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে মাহফুজ আলম জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিস্থিতির একটি ধারাবাহিক বিশ্লেষণ তুলে ধরেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হলো:
জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠন ও বৈষম্য ভাঙার ঐতিহাসিক সুযোগ এনে দিলেও কিছু আংশিক সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। পুরোনো শাসনব্যবস্থাই নতুন রূপে ফিরে আসছে।
বিপ্লবোত্তর সময়ে সুস্পষ্ট লক্ষ্য, কাঠামোগত নেতৃত্ব এবং জনগণের সঙ্গে জবাবদিহিমূলক সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় সংকট গভীর হয়েছে।
বিচারহীনতা, পুরোনো প্রশাসনিক ও পুলিশি কাঠামোর টিকে থাকা, শিক্ষাব্যবস্থার ভাঙন এবং কর্মসংস্থানের অভাব ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।
সংকট কাটাতে জনগণের সঙ্গে নিরবচ্ছিন্ন সংলাপ, আত্মসমালোচনা এবং বৃহত্তর সামাজিক-রাজনৈতিক সংহতি প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শ্রমিক-কৃষকসহ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল রাতে নিজের ফেসবুক প্রোফাইলে অল্টারনেটিভস-এর সংবাদ বিজ্ঞপ্তি শেয়ার করে এই নতুন যাত্রার কথা জানান মাহফুজ আলম। প্ল্যাটফর্মটি মূলত জনগণের প্রশ্ন শোনা এবং রাজনৈতিক শিক্ষার প্রসারে কাজ করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!