জেলা প্রতিনিধি, বরগুনা
বরগুনায় জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় ভোটকেন্দ্র পাহারায় 'বাঁশের লাঠি ও গাবের কচা' নিয়ে অবস্থানের ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের বেতাগী উপজেলা সভাপতি ক্বারি মাওলানা মো. বশির উল্লাহ জিহাদি। তবে পরবর্তীতে এমন বক্তব্যকে ভুল হিসেবে স্বীকার করেছেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে বেতাগী উপজেলার মোকামিয়া বাজার এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের সমর্থনে আয়োজিত জনসভায় এই বক্তব্য দেন তিনি। বশির উল্লাহ জিহাদি বলেন, "প্রত্যেকটা সেন্টারে আপনারা বাঁশের লাঠি আর গাবের কচা নিয়ে পাহারা দেবেন, যাতে কেউ জাল ভোট দিতে না পারে। প্রয়োজনে রক্তের বিনিময়ে হলেও সহিহ ভোট দিতে হবে।"
তিনি আরও যোগ করেন, "২০২৪-এর জুলাই-আগস্টের পর বাংলাদেশ ভারতের গোলামি থেকে মুক্ত হয়েছে। আগামী ১২ তারিখ নির্বাচনে এমন মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে যে কোনো অন্যায় করেনি।"
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন উঠলে পরবর্তীতে মাওলানা বশির উল্লাহ জিহাদি তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "এই বক্তব্যে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে, সে সম্পর্কে আমি অবগত ছিলাম না। বক্তব্যের মধ্যে ওই কথাগুলো বলা আমার ভুল হয়েছে। মূলত কেউ যাতে জাল ভোট বা সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বোঝাতে চেয়েছিলাম।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!