নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ইশতেহার প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেয় দলটি।
জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের আমির ডা. শফিকুর রহমানের আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই মূলত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার রাতেই দলটির পক্ষ থেকে ইশতেহার ঘোষণা কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রমতে, আজ রোববার সকাল সাড়ে ১০টায় শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে অবস্থান করছেন জামায়াত আমির। এরপর তিনি শেরপুর ও জামালপুরে দুটি পৃথক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বেলা ১১:৩০: শেরপুর জেলা শহরে জনসভা। দুপুর ১২:৩০: জামালপুরে নির্বাচনি জনসভা।
সফর শেষ করে ঢাকায় ফিরে আমির তার নিজস্ব নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।
ইশতেহার ঘোষণার জন্য নতুন সময় ও তারিখ আজ বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!