নিজস্ব প্রতিবেদক, খুলনা
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। এদিন ১৮ কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং রাজনীতি থেকে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় মাওলানা মামুনুল হক খুলনা-৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের হাতে প্রতীক তুলে দেন। তিনি এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।
মামুনুল হক বলেন, “আমরা ১১টি দল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাগ্য বদলাতে নয়, বরং অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতিতে পুরোনো দিনের সন্ত্রাস ও লুটপাটের ভূত আবারও সওয়ার হওয়ার চেষ্টা করছে। ৫ ভাই মিলে যা আয় করি, এক ভাই চুরিতে সব সাবাড় করলে সেই সংসারে সচ্ছলতা আসে না। বাংলাদেশের অর্থনীতির অবস্থাও আজ একই রকম।”
তিনি আরও যোগ করেন, গত ৫৪ বছরে সাধারণ মানুষ শ্রম দিলেও দুর্নীতিবাজ রাজনীতিবিদরা লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করেছে। এবার মানুষ তাদের আর ক্ষমতার মসনদে দেখতে চায় না।
ডুমুরিয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী। মাওলানা খলিলুর রহমান মাদানী, সেক্রেটারি, বাংলাদেশ মসজিদ মিশন। মাওলানা এমরান হুসাইন, জেলা আমির, জামায়াতে ইসলামী। সর্বমিত্র চাকমা, নির্বাহী সদস্য, ডাকসু।
এছাড়া এবি পার্টি ও হিন্দু কমিটির স্থানীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে ‘গণজোয়ার’ সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্রই পরিবর্তনের হাওয়া লেগেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!