আন্তর্জাতিক ডেস্ক,
ইসরায়েলের মধ্যাঞ্চলে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার (০৩ মার্চ) চালানো এই হামলায় অন্তত পাঁচজন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ এবং ‘ক্লাস্টার বোমার’ সাব-মিউনিশন (ক্ষুদ্র বোমা) জনবহুল এলাকায় আছড়ে পড়ে। আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতের ধরন এবং ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষ তদন্ত দল কাজ করছে।
ইসরায়েলি চিকিৎসকদের মতে, এই হামলায় পাঁচজন সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার পরপরই ইসরায়েলি তল্লাশি ও উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আইডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ যেসব এলাকায় পড়েছে, সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সাইরেন বাজার পর যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন, তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সাধারণ নাগরিকদের আপাতত নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে হোম ফ্রন্ট কমান্ড।
ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
সূত্র: এএফপি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!