ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সকালে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল (আইআরআইবি) এবং বার্তা সংস্থা তাসনিমসহ দেশটির প্রধান সংবাদমাধ্যমগুলো আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকারি শোকবার্তায় বলা হয়েছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।”

তদন্ত ও সংবাদসূত্রে জানা গেছে, শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে ইসরায়েলি ও মার্কিন সেনারা ভয়াবহ হামলা চালায়। শনিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তেহরান প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখলেও আজ রোববার বাংলাদেশ সময় সকালে তারা আনুষ্ঠানিকভাবে খামেনির শাহাদাত বরণ করার বিষয়টি স্বীকার করে নেয়।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন। পার্লামেন্ট, বিচার বিভাগ এবং অর্থ ব্যবস্থাপনাসহ ইরানের রাষ্ট্রকাঠামোর প্রতিটি স্তরে তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে তিনি ইরানের রাজনীতির অন্যতম শীর্ষ পুরোধা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বিশাল শূন্যতা এবং নতুন অস্থিরতার জন্ম দিতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!