আন্তর্জাতিক ডেস্ক
আয়াতুল্লাহ আলী খামেনির (৮৬) মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা নিয়ে তেহরানের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর আলোচনা। দেশটির সংবিধান অনুযায়ী, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পরিষদ পরবর্তী নেতা নির্বাচন করবেন। বর্তমানে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে ৫ জনের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
১. মোজতাবা খামেনি (৫৬): আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) এবং বাসিজ বাহিনীর ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। তবে ইরানের শাসনব্যবস্থায় পারিবারিক উত্তরাধিকারের রেওয়াজ না থাকা এবং উচ্চপর্যায়ের ধর্মীয় পণ্ডিত না হওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ।
২. আলীরেজা আরাফি (৬৭): খামেনির অত্যন্ত আস্থাভাজন এবং বিশেষজ্ঞ পরিষদের উপ-চেয়ারম্যান। তিনি ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রধান এবং ক্ষমতাশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। তবে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার তেমন ঘনিষ্ঠতা নেই।
৩. মোহাম্মদ মেহদি মিরবাঘেরি (৬০): একজন কট্টরপন্থী আলেম এবং বিশেষজ্ঞ পরিষদের সদস্য। তিনি তীব্রভাবে পশ্চিমা বিরোধী ভাবাদর্শের জন্য পরিচিত। রক্ষণশীল আলেমদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
৪. হাসান খোমেনি (৫০): ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি তুলনামূলক উদারপন্থী হিসেবে পরিচিত। তবে প্রশাসনিক অভিজ্ঞতা এবং সামরিক বাহিনীর সমর্থনে তিনি পিছিয়ে রয়েছেন।
৫. হাশেম হোসেইনি বুশেহরি: বিশেষজ্ঞ পরিষদের এক নম্বর উপ-চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ ইসলামি পণ্ডিত। খামেনির ঘনিষ্ঠ হলেও নিরাপত্তা বাহিনীর ওপর তার প্রভাব সীমিত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!