রাজশাহী ব্যুরো: ২০১৭ সালে শুরু হওয়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পে দীর্ঘ ৯ বছরেও দৃশ্যমান অবকাঠামোগত অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে সরকার। প্রকল্পের ধীরগতির কারণ জানতে পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) গত ১২ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায়। এতে প্রকল্পের অগ্রগতি কম হওয়ার কারণ এবং অগ্রগতি বাড়াতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিতভাবে জানাতে বলা হয়। পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ শাখা থেকে রামেবির উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের কাছে একই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় এবং দ্রুত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বড়বনগ্রাম, বাজে সিলিন্দা ও বারইপাড়া মৌজায় প্রায় ৬৭ দশমিক ৬৭৯২ একর জমির ওপর এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রকল্পের প্রথম ধাপে ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট ১২ তলা হাসপাতাল ভবন নির্মাণের কথা রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা, যার মধ্যে প্রথম ধাপে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
ভূমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর ২০২৪ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবকাঠামো নির্মাণ কাজ উদ্বোধন করা হলেও বাস্তবে কাজের গতি সন্তোষজনক নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জাতীয় গড় অগ্রগতি যেখানে ১৭ দশমিক ৫৪ শতাংশ, সেখানে রামেবি প্রকল্প এর চেয়েও পিছিয়ে রয়েছে। এ কারণেই ধীরগতির প্রকল্পগুলোর তালিকায় এটি অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।
এ বিষয়ে রামেবির উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, “প্রকল্প বাস্তবায়নে আমরা প্রায় দুই বছর পিছিয়ে আছি। এ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও আমরা কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।” তিনি আরও জানান, মন্ত্রণালয়ের চিঠি পাওয়া গেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় তথ্য পাঠানো হবে। তবে প্রকল্পের বর্তমান অগ্রগতির সুনির্দিষ্ট হার তিনি প্রকাশ করেননি।
দীর্ঘসূত্রতা ও ধীরগতির কারণে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য শিক্ষা প্রকল্পের ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!