আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম: জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টি। তাতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু, কোথাওবা কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। আজ শুক্রবার (১৯ জুন) ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ এবং খেটে খাওয়া শ্রমজীবীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

বছরের পর বছর কোটি কোটি টাকার মেগা প্রকল্প চললেও সামান্য বৃষ্টিতে নগরী ডুবে যাওয়ার এই স্থায়ী রূপ দেখে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই বৃষ্টিতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের নিচু এলাকাগুলো দ্রুত প্লাবিত হয়।

সরেজমিনে দেখা যায়, সকালের অল্প সময়ের বৃষ্টিতেই চকবাজার ও কাতালগঞ্জ এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় যানবাহনগুলো মাঝপথেই আটকে পড়ে। ফলে জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষকে নোংরা পানি মাড়িয়েই গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

কাতালগঞ্জের বাসিন্দা হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, “বহু বছর ধরে আমরা একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাচ্ছি। একের পর এক মেগা প্রকল্প আসে, কিন্তু আমাদের কষ্টের কোনো শেষ নেই। আধা ঘণ্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, সামনের দিনগুলোতে কী হবে?”

একই ক্ষোভ প্রকাশ করেন রিকশাচালক মো. জলিল। তিনি বলেন, “রাস্তায় পানি উঠে যাওয়ায় রিকশা চালানো যাচ্ছে না। ছুটির দিনে আয়ের আশায় বের হয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। আমাদের এই কষ্ট দেখার কেউ নেই।”

চট্টগ্রামের চিরচেনা জলাবদ্ধ প্রবণ এলাকা ‘প্রবর্তক মোড়ে’ অবশ্য এবার কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। মেগা প্রকল্পের আওতায় সেখানকার হিজড়া খালের মুখে বাঁধ দিয়ে চলমান কাজের সুবাদে প্রবর্তক মোড়ে আগের মতো পানি জমেনি। তবে প্রবর্তক মোড় রক্ষা পেলেও এর আশপাশের নিচু এলাকা ও সংযোগ সড়কগুলো ঠিকই পানিতে ডুবে ছিল। ফলে সামগ্রিক ভোগান্তি খুব একটা কমেনি। উপরন্তু, জলাবদ্ধতার অজুহাতে গণপরিবহনগুলোতে দ্বিগুণ ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বেসরকারি চাকুরিজীবী তানিয়া সুলতানা।

জানতে চাইলে চট্টগ্রাম আবহাওয়া অফিসের বিএফও মাহবুবুল আলম জানান, আজ সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মেঘের ঘনত্বের কারণে অল্প সময়ে তীব্র বৃষ্টি হওয়ায় নিচু এলাকাগুলোতে দ্রুত পানি জমে গেছে। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার সঠিক তদারকি ও খালগুলোর সংস্কার কাজ সময়মতো শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামকে এখনো ডুবতে হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!