ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

মকবুল হোসেন: ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিটে জেলার মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ময়মনসিংহ পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর দিক-নির্দেশনায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ইকবাল হোসেন (৩০), পিতা: নুর ইসলাম, মাতা: পারুল বেগম, সাং-আন্দিদিল, থানা-আশুগঞ্জ এবং সোহাগ আহম্মেদ (২৮), পিতা: মৃত আক্তার হোসেন, মাতা: সুজল বেগম, সাং-ভাটপাড়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর। তাদের উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে পূর্বে ৯টি মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ডিবি পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!