জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার সাবেক প্রতিমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিক হারুন-আল-রশিদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান এই জানাজা নামাজ পরিচালনা করেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব।

জানাজার শুরুতে মরহুম হারুন-আল-রশিদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর একটি সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।

জানাজা অনুষ্ঠানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন:

  • হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম — স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ।

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর — মহাসচিব (বিএনপি) ও স্থানীয় সরকার মন্ত্রী।

  • ব্যারিস্টার কায়সার কামাল — ডেপুটি স্পিকার।

  • এবিএম আশরাফ উদ্দিন নিজান — হুইপ (সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষে)।

  • সৈয়দ জয়নুল আবেদীন — সংসদ সদস্য, ঢাকা-৪ (বিরোধীদলীয় নেতার পক্ষে)।

  • কামাল হোসেন — মরহুমের ভাতিজা (পরিবারের পক্ষে)।

জানাজা পূর্ব বক্তৃতায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, “হারুন-আল-রশিদ একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন এবং তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, সজ্জন এবং সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ।”

স্পিকার আরও উল্লেখ করেন, হারুন-আল-রশিদ দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন জাতীয়তাবাদী ঘরানার নিবেদিতপ্রাণ, দেশপ্রেমিক ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর স্মৃতি চারণ করে বলেন, “হারুন-আল-রশিদ একজন অত্যন্ত প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সততা ও নিষ্ঠার ক্ষেত্রে তাঁর জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিশেষ করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।”

বর্ষীয়ান এই নেতার জানাজায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সংসদ-সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!