‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

আন্তর্জাতিক ডেস্ক, 

মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত প্রায় ৩০ লাখ পাতার নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিওর মধ্যে একটি ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, এপস্টেইন একটি ইমেইলে দাবি করেছেন যে, ২০১৭ সালে নরেন্দ্র মোদি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার উপায় জানতে তার (এপস্টেইন) পরামর্শ চেয়েছিলেন।

এপস্টেইন সেই ইমেইলে লিখেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন যাতে ট্রাম্প সন্তুষ্ট হন। তার দাবি অনুযায়ী, মোদি সেই পরামর্শ মেনেই ২০১৭ সালে ইসরায়েল সফর করেন। সেখানে গিয়ে মোদি “নাচ-গান” করেছেন বলেও বিতর্কিত মন্তব্য করেন এই যৌন অপরাধী। উল্লেখ্য, ১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর সেটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর।

এপস্টেইন ফাইলের এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে:

“২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছাড়া এই ইমেইলের বাকি সব কথা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা মাত্র। এসব তথ্যকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করা উচিত।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!