নিজস্ব প্রতিবেদক : উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কোরআন তেলাওয়াত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোসলেহ উদ্দিন আহমেদ রনক ও শ্রাবণী আক্তার তূর্ণা। ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদদের মাগফিরাত কামনা এবং স্বাধীনতার চেতনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মোস্তফা। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। নতুন প্রজন্মের মাঝে একাত্তরের ইতিহাস ও বীরদের আত্মত্যাগ স্মরণে রাখার আহ্বান জানান তিনি।
সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জুলকার নায়ন। তিনি মহান শহীদদের আত্মত্যাগ স্মরণ করে সকলের জন্য দোয়া করেন এবং বলেন, স্বাধীনতার মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী ও সমাজসেবক তাহমিনা আহমেদ। তিনি স্বাধীনতার যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আদর্শ অনুসরণ করে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। তিনি বলেন, উত্তরা পাবলিক লাইব্রেরি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মাননা ও পুরস্কার প্রদান করে। বর্তমানে লাইব্রেরিতে প্রায় ২০ হাজার বই রয়েছে, যা ভবিষ্যতে এক লক্ষে উন্নীত করার লক্ষ্য রয়েছে। উত্তরের মধ্যে এটি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের প্রধান উপ কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, অনেকেই ১৯৭১ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এক করে দেখতে চান, কিন্তু বাস্তবে দুটি এক নয়। ৭১ আমাদের একটি মানচিত্র দিয়েছে, আর ২৪ সেই মানচিত্র থেকে অসভ্যতার ছায়া মুছে দেওয়ার পথ দেখিয়েছে। তিনি উত্তরা পাবলিক লাইব্রেরির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল মর্যাদাপূর্ণ, সুশৃঙ্খল এবং বিজয় দিবসের চেতনায় উজ্জ্বল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!