সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক 

ইরান ও পশ্চিমা বিশ্বের চলমান উত্তজনা এবার সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। এই প্রথমবারের মতো সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

একইসাথে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, শুক্রবার রাতে শায়েবাহ তেলের খনি লক্ষ্য করে ইরান ৬টি ড্রোন পাঠায়। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি এয়ার ডিফেন্স সিস্টেম সবগুলো ড্রোন ধ্বংস করে দেয়।

এছাড়া, সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স সুলতান এয়ারবেইস’ লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান। সেটিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছে রিয়াদ।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ ২১ দিনের সংলাপ চলে। তবে কোনো প্রকার সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়: ইসরায়েলি বাহিনী শুরু করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’।

এই সাঁড়াশি অভিযানের পাল্টা জবাব হিসেবে ইরান এখন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: এএফপি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!