ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি: দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কোনো বিষয় নেই এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অশোভন আচরণে জড়ায়, তাহলে সেটি সমাজে প্রকাশ পেলে সংশ্লিষ্ট প্রার্থী স্বাভাবিকভাবেই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে। এরপরও কেউ যদি সীমা অতিক্রম করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত ভালোভাবে প্রস্তুত রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারও অব্যাহত রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
এছাড়াও সভায় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!