নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে সেনাপ্রধান বলেন, "আমি মনে করি আজকে আমাদের জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন।"
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, "সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা এবং ভোটের অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে; আমার কাছে আসা খবর অনুযায়ী অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।"
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "আপনারা (মিডিয়া) অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!