চমৎকার ভোট হচ্ছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমৎকার পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী।


আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, "চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা বলেছিলেন, তিনি একটি ঐতিহাসিক নির্বাচন করতে চান। আমরা দেখছি বাস্তবে একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।"


ভোট পরবর্তী সহিংসতার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, "নির্বাচনে কোনো শঙ্কা নেই। দেশের বড় দলগুলো ইতোমধ্যে জানিয়েছে যে, ফলাফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই সহিংসতার কোনো কারণ দেখছি না।"


গুজব ছড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, "গুজব তো অনেক আগে থেকেই ছড়ানো হচ্ছে। অনেকে বলেছিলেন নির্বাচন হবে না, সহিংসতা হবে; কিন্তু আপনারা দেখছেন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে।"


এ সময় তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, "আমি ২৫ বছরের বেশি সময় ধরে মোহাম্মদপুরে থাকি। ২০১৮ সালের নির্বাচনেও এখানে ভোট দিতে এসেছিলাম, কিন্তু তখন গেট দিয়ে ঢোকার সময় আমাকে বলা হয়েছিল— আপনার ভোট হয়ে গেছে। এবার সেই পরিস্থিতি নেই।"

সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা গেছে, মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৪ জন। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় এখানে ১১ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন প্রিজাইডিং অফিসার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!