চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দাপুটে জয়: লোপেজের জোড়া গোল ও লেভান্ডফস্কির প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | ২২ জানুয়ারি ২০২৬

লা লিগায় হারের ধাক্কা সামলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষের মাঠে স্লাভিয়া প্রাগকে ৪-২ ব্যবধানে হারিয়ে নক-আউট পর্বের দৌড়ে শক্ত অবস্থানে ফিরল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ফারমিন লোপেজের জোড়া গোলের পাশাপাশি দানি ওলমো ও রবার্ট লেভান্ডফস্কি জালের দেখা পেয়েছেন।

চেক প্রজাতন্ত্রের ফরচুনা অ্যারেনায় কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে লামিনে ইয়ামালকে ছাড়াই মাঠে নামে বার্সা। ম্যাচের শুরুতেই দশম মিনিটে ভাসিল কুসেজের গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। তবে ৩৪ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে সমতা ফেরান ফারমিন লোপেজ। এর আট মিনিট পর বক্সের বাইরে থেকে জোরালো শটে বার্সাকে লিড এনে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

বার্সার লিড বেশিক্ষণ টেকেনি। প্রাগের একটি কর্নার থেকে বল লেভান্ডফস্কির কাঁধে লেগে নিজেদের জালে জড়ালে ২-২ সমতায় বিরতিতে যায় দুদল। তবে দ্বিতীয় রাউন্ডে নেমে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা।

ম্যাচের ৬১তম মিনিটে বদলি হিসেবে নামার মাত্র এক মিনিটের মাথায় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন দানি ওলমো। আর ৭০ মিনিটে মার্কাস রাশফোর্ডের কাট-ব্যাক থেকে গোল করে নিজের আত্মঘাতী গোলের আক্ষেপ মেটান রবার্ট লেভান্ডফস্কি। শেষ পর্যন্ত ৪-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুগ্রানা শিবির।

এই জয়ের পর ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সামনে থাকা আরও তিন দলের পয়েন্টও সমান ১৩। প্রথম পর্বের শেষ রাউন্ডের ফলাফলের ওপর নির্ভর করবে বার্সা সরাসরি শেষ ষোলোতে যাবে, নাকি প্লে-অফ রাউন্ড খেলতে হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!