নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’— সেই অমর সুরের প্রতিধ্বনি নিয়ে আবারও ফিরে এলো বাঙালির আত্মপরিচয়ের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি।
১৯৫২ সালের এই মাসেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল তরুণ প্রাণের রক্তে। সেই থেকে ফেব্রুয়ারি মানেই বাঙালির কাছে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার অনন্য এক সময়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বারের মতো বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার মর্যাদা। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে এ দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নানা আয়োজন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে ‘অমর একুশে বইমেলা’ শুরু হলেও, জাতীয় সংসদ নির্বাচন ও রমজানসহ বিভিন্ন কারণে এবার মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলি জিন্নাহ যখন ঘোষণা করেছিলেন, “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা”, তখনই ছাত্রসমাজ “না, না” ধ্বনিতে তার প্রতিবাদ জানায়। ১৯৪৭ থেকে শুরু হওয়া সেই আন্দোলনের চূড়ান্ত রূপ প্রকাশ পায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়, আর জন্ম নেয় এক রক্তাক্ত কিন্তু গৌরবোজ্জ্বল ইতিহাস।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!